কসবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে পরপর দুই দিনে পৃথক অভিযানে প্রায় সাড়ে ছয় মন (২৫৪.৫ কেজি) গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ  ও  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৯ ।

 

পুলিশ সুত্রে জানা যায়,  আগের দিন, ১৪ নভেম্বর (শুক্রবার) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ বায়েক ইউনিয়নের কান্দারপাড় এলাকায় অভিযান চালায়। এডভোকেট শাহ আলম কলেজ থেকে বাইপাস ইটের সলিং রোডসংলগ্ন ব্রীজের নিচে লুকানো অবস্থায় ১১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, অভিযানে কাউকে আটক করা না গেলেও পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন— ইলেন মিয়া (২৫), পিতা: মৃত হেবজু মিয়া, গ্রাম: বায়েক দক্ষিণ পাড়া, এবং কামরুল (২৭), পিতা: মো. জামাল মিয়া, গ্রাম: কোল্লাপাথর, উপজেলা: কসবা। উক্ত দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা করে থানায় জমা দেওয়া হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর (শনিবার) বিকালে র‌্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল মঈনপুর বাজার এলাকায় টহল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁনখোলা এলাকায় অভিযান পরিচালনা করে।বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযান শুরু হলে উপস্থিত মাদক কারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে সুকৌশলে ধাওয়া দিয়ে মো. মেহেদী হাসান (২৪)–কে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তিনি ঝিনাইদহ জেলার ব্যাপারীপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।তার জবানবন্দির ভিত্তিতে লাল রঙের পাঁচটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত মেহেদীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পরপর দুই দিনে একই ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তারা ধারণা করছেন, সীমান্তবর্তী এই এলাকায় সক্রিয় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট কাজ করছে। তাই বিশেষ নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

By Ayon

Leave a Reply